রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ নাসিক- ৪ নং ওয়ার্ডের হাউজিং এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানের পর আবারও অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়েছে ভবন মালিকরা।
গত সোমবার (১৯ জানুয়ারী) তিতাস কর্মকর্তা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান করা হয়।
সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বাড়তি চুলা থাকার অভিযোগে ১৭টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন সহ নগদ ৮৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। কিন্তু রাতের আধারে আবারও ভবন গুলোতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী।
জানা যায়, দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ড হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছে ভবন মালিকরা। একাধিকবার অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরেও রাতের আঁধারে আবারো একটি চাঁদাবাজ চক্র গ্যাস সংযোগটি পুনরায় চালু দিতো।গ্যাস চুরির কারণে সরকার মাসে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাতো। চক্রটি বিভিন্ন সংস্থার লোকদের ম্যানেজ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে বলেও জানাযায় বিভিন্ন সূত্রে।
হাউজিং এলাকাবাসী জানায়, কিছুদিন আগে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। কিন্তু রাতের আধারে ভবন মালিক ও একটি কুচক্রি মহল অবৈধ ভাবে পুনরায় গ্যাস সংযোগ দিয়েছে। তারা আরও বলেন,
হাউজিং এলাকায় বেশিরভাগ ভবনের গ্যাস সংযোগ অবৈধ। তাদের গ্যাস চুরির কারণে সিদ্ধিরগঞ্জ হাউজিং এর দুর্নাম ছড়াচ্ছে। হাউজিং এলাকার ভবন মালিকরা যদি ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে, তাহলে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।
পুনরায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন ভবন মালিকরা হলো, কফিল উদ্দিন (৬০) তার ৪ তলা, ৩ তলা ও ১ তলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর আবারও এসব ভবনে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।
আবদুল আজিজ (৬৫) তার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর তিনিও আবারো অবৈধভাবে তার ভবনটিতে গ্যাস সংযোগ দিয়েছেন।
মনির (৫৫) তার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্মকর্তারা। তিনিও রাতের আঁধারে অবৈধভাবে তার ভবনটিতে গ্যাস সংযোগ দিয়েছেন।
ড্রেজার ব্যবসায়ী জহির (৫০) তার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনিও রাতের আঁধারে অবৈধভাবে তার ভবনটিতে গ্যাস সংযোগ দিয়েছেন।
রিপন মোল্লার ৬ তলা ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর তিনিও তার ভবনটিতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন আবারও।
হাউজিং এলাকার বহুতল ভবনের মালিক ফাইজুল, রহমান, মজিবর, হোসেন, নজরুল, কামাল ভিলা, আমানুল্লাহ, হাউজিং মসজিদ কমিটির সাবেক সভাপতি রিয়াজ গংরা।
অবৈধ ভাবে সংযোগ দিয়ে সরকারের প্রতিমাসে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করছে। এতে করে প্রতি বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
এদিকে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ বলেন, কিছুদিন আগে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ভবন মালিকদের জরিমানা করা হয়েছে। যদি কোন ভবন মালিক পুনরায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।