“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভায় তিনি “সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার” শিরোনামে নিজের পরিকল্পনা তুলে ধরেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কমিউনিটি ফোর্স গঠন, ইউনিয়নভিত্তিক মোটরবাইক প্যাট্রোল, সিসিটিভি স্থাপন, বাজার ও বাসস্ট্যান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার কথা বলেন। পাশাপাশি দুটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপন এবং সরকারি অফিসে দুর্নীতি রোধে দুদকের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
নারী ও শিশু নিরাপত্তায় দুই থানায় সুরক্ষা ডেস্ক, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে নারী কমিউনিটি পুলিশ, বাজার ও বাসস্ট্যান্ডে পৃথক টয়লেট ও বসার ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ভাতা বৃদ্ধি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ মেডিকেল সেন্টারের উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের মেডিকেল কার্ড এবং স্বল্পমূল্যের ডায়ালাইসিস সেন্টার চালুর কথাও উল্লেখ করেন প্রার্থী।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।